
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিমসটেক সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক বাংলাদেশ ও ভারতের সম্পর্কের জন্য আশার আলো সৃষ্টি করেছে। তিনি দাবি করেন, এ বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে তিক্ততা কমবে এবং ভবিষ্যতে সম্পর্ক আরও উন্নত হবে।
শুক্রবার (৪ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ক্রীড়া অঙ্গনের বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর মির্জা ফখরুল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “বিমসটেক সম্মেলনে দুই দেশের প্রধানদের বৈঠক আমাদের জন্য আনন্দের। এটি বাংলাদেশের ও ভারতের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি মনে করি, এ বৈঠক ভূরাজনীতি ও বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে দুদেশের সম্পর্কের উন্নতি ঘটাতে সাহায্য করবে।”
তিনি আরও বলেন, “দ্বিপাক্ষিক সম্পর্কের যে তিক্ততা তৈরি হয়েছিল তা যেন আর বৃদ্ধি না পায় বা কমে আসে, এ বৈঠকের মাধ্যমে তার একটি সম্ভাবনা তৈরি হয়েছে।”
এসময় ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আমিনুল হক, জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মোহাম্মাদ আশরাফুল, হাবিবুল বাশার সুমন এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম প্রমুখ।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 















