
প্রায় দেড় দশক পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার (৬ মে) সকালে তিনি শাশুড়ি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় পৌঁছাবেন।
ফেরার পর তিনি রাজধানীর ধানমন্ডির ‘মাহবুব ভবন’ নামে পরিচিত তার বাবার বাসায় অবস্থান করবেন বলে জানা গেছে। এ লক্ষ্যে বাসায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, জোবাইদা রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স (সিএসএফ) সদস্যরা নিয়োজিত থাকবেন। বাড়ির চারপাশে নজরদারি বাড়ানো হয়েছে এবং গার্ড রুমসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থাও প্রস্তুত রয়েছে।
তিনি জানান, “চেয়ারম্যান সাহেব (তারেক রহমান) স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, নিরাপত্তার নামে যেন এলাকাবাসীর কোনো অসুবিধা না হয়। প্রতিবেশীদের বিরক্ত না করে নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।”
বাসার আশপাশে থাকা ভবনগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যেন পরিবেশ ও প্রতিবেশ বজায় থাকে। জোবাইদা রহমান ও তার নিরাপত্তা দলের জন্য পৃথক গাড়ির ব্যবস্থাও রাখা হয়েছে।
গত ৩০ এপ্রিল পুলিশের মহাপরিদর্শকের কাছে পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বাড়িটি পরিদর্শন করে নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করেছেন।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















