
সোনার দাম কমানোর ঘোষণা আসার মাত্র দুদিনের মাথায় দেশের বাজারে আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার (৫ মে) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৩০৯ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ২৮৬ টাকা।
নতুন দাম মঙ্গলবার (৬ মে) থেকে কার্যকর হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মূল্য তালিকায় ২১ ক্যারেট সোনার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৪৯৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৪০ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ১৫ হাজার ৯০৫ টাকা।
তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৫৮৬ টাকা রয়েছে।
এর আগে বাজুস ২ মে সোনার দাম সামান্য পরিমাণে কমানোর ঘোষণা দিয়েছিল।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 














