
সংস্কার, নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংলাপে বসেছে ইসলামী ঐক্যজোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সংলাপে দুই দল সাতটি বিষয়ে ঐকমত্য প্রকাশ করেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ জানান, সভায় সভাপতিত্ব করেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। ইসলামী ঐক্যজোটের নেতৃত্ব দেন চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের।
গৃহীত সাত দফা সিদ্ধান্ত:
১. জাতীয় নির্বাচনে আসনভিত্তিক একক প্রার্থী ও এক বাক্স কৌশল গ্রহণে ঐকমত্য।
২. সাম্রাজ্যবাদমুক্ত ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনে যৌথ প্রচেষ্টা।
৩. প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান।
৪. দুর্নীতিবাজ, খুনি, সন্ত্রাসী ও অর্থপাচারকারীদের বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
৫. আওয়ামী ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনে সম্পৃক্ত করা।
৬. নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনা বাতিল।
৭. জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালুর দাবি।
দুই দলের একাধিক কেন্দ্রীয় নেতা ও শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখরা সংলাপে উপস্থিত ছিলেন।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 














