
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ব্যবসা ও বিনিয়োগের অনুকূল নয় বলে মন্তব্য করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। বাজেট ঘোষণার পর সংস্থাটির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, বাজেটে কিছু ইতিবাচক পদক্ষেপ থাকলেও ব্যবসা সম্প্রসারণ, সিএমএসএমই খাত উন্নয়ন এবং ব্যাংকিং খাত সংস্কারে কার্যকর দিকনির্দেশনার অভাব রয়েছে।
তিনি বলেন, “মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, করজাল সম্প্রসারণ, ন্যূনতম করের সমন্বয়, অনুমোদনযোগ্য বিয়োজনের আওতা বৃদ্ধি ও অটোমেটেড রিটার্ন ব্যবস্থার মতো ইতিবাচক দিক থাকা সত্ত্বেও বাজেটে ব্যবসা পরিচালনায় সহজতা, বিনিয়োগ সম্প্রসারণ এবং খাতভিত্তিক সংস্কারের কোনো স্পষ্ট রোডম্যাপ নেই।”
মধ্যবিত্তের করের বোঝা বাড়বে
ডিসিসিআই সভাপতি আরও বলেন, “বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী, যা বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ তৈরি করবে। পাশাপাশি ব্যক্তি পর্যায়ের করসীমা অপরিবর্তিত রাখা এবং আয়করের স্ল্যাব বাতিল করায় মধ্যবিত্ত, বিশেষত চাকরিজীবী শ্রেণির ওপর অতিরিক্ত করের চাপ পড়বে।”
উৎপাদন খরচ ও শিল্প খাতের চাপ
তাসকীন আহমেদ বলেন, “অটোমোবাইল খাতে খুচরা যন্ত্রাংশ আমদানির ওপর শুল্ক ১০% থেকে বাড়িয়ে ২৫% করায় স্থানীয়ভাবে গাড়ি উৎপাদনের খরচ বাড়বে। এছাড়াও টার্নওভার কর ০.৬% থেকে বাড়িয়ে ১% করায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলোর ওপর চাপ আরও বাড়বে।”
তিনি আরও জানান, ইন্টারনেট ব্যবহারে খরচ কমানো হলেও মোবাইল ফোন উৎপাদনে ভ্যাট বৃদ্ধি করায় এই খাতের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে।
ঋণের ব্যয় হ্রাস এবং বেসরকারি খাতের সংকট
ডিসিসিআই সভাপতি ব্যাংক খাত থেকে ঋণ গ্রহণের খরচ ৬-৭%-এর মধ্যে নামিয়ে আনার সুপারিশ করেন। তিনি বলেন, “বাজেটে সরকারের ঋণগ্রহণের উচ্চ লক্ষ্যমাত্রা নির্ধারণ করায় বেসরকারি খাতে ঋণপ্রবাহে সংকট সৃষ্টি হতে পারে।”
এসএমই খাতে নেই স্পষ্ট নির্দেশনা
তাসকীন আহমেদ বলেন, “এসএমই খাতের উন্নয়নে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা রোডম্যাপ বাজেটে পরিলক্ষিত হয়নি, যা উদ্বেগজনক।”
ডিসিসিআই’র মতে, প্রস্তাবিত বাজেট কিছু ইতিবাচক দিকের পাশাপাশি বড় চ্যালেঞ্জও বয়ে আনবে—বিশেষ করে কর কাঠামো, শিল্প খাত, বিনিয়োগ ও ঋণ প্রবাহের ক্ষেত্রে। ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বাজেটে স্পষ্ট দিকনির্দেশনা ও বাস্তবায়নযোগ্য রোডম্যাপের ঘাটতি রয়েছে বলে মনে করে প্রতিষ্ঠানটি।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 













