
আসন্ন ঈদুল আজহার ছুটিতে জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কড়া বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে নিজ কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “অনেক সময় দেখা যায়, ফিটনেসবিহীন গাড়িগুলোর মালিক ভাইয়েরা রং-চং করে সেগুলো রাস্তায় নামান। স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি—রং-চং দিয়ে সাজানো হলেও ফিটনেসবিহীন কোনো গাড়িকে রাস্তায় চলতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “একজন চালক রাজশাহীতে গাড়ি নিয়ে গেলে সেখান থেকে সঙ্গে সঙ্গেই ফিরে আসার চাপ পড়ে। এতে চালকদের পর্যাপ্ত বিশ্রাম হয় না। আমরা পরিবহন সংশ্লিষ্টদের বলেছি, চালকদের যেন প্রয়োজনীয় বিশ্রামের ব্যবস্থা করে দেওয়া হয়।”
ঈদযাত্রায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা জানান, “মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। শুধু জরুরি ছুটি রাখা হয়েছে। ঢাকাসহ সারা দেশে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। আমরা সম্পূর্ণ সজাগ এবং প্রস্তুত আছি, যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে।”
তিনি আশ্বাস দেন, এবারের ঈদযাত্রা যেন নিরাপদ ও নির্বিঘ্ন হয়, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 













