
সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ শুক্রবার (৬ জুন) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আমেজে পালিত হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। মুসল্লিরা ঈদের নামাজ আদায় ও পশু কোরবানির মাধ্যমে উদযাপন করছেন এই পবিত্র দিনটি।
আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হজরত ইব্রাহিম (আ.) তাঁর প্রাণপ্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি দিতে উদ্যত হয়েছিলেন। এই আত্মত্যাগ ও আল্লাহর প্রতি পরম আনুগত্যের মহামানবিক ঘটনার স্মরণেই ঈদুল আজহায় পশু কোরবানির রেওয়াজ চালু হয়। ইসলামের এই মহান ঐতিহ্য অনুসরণ করেই বিশ্বজুড়ে মুসলমানরা পালন করে থাকেন ঈদুল আজহা।
ইতোমধ্যেই সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি এবং অন্যান্য মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের সাধ্য অনুযায়ী গরু, ছাগল বা অন্যান্য হালাল পশু ক্রয় করেছেন কোরবানির জন্য।
ঈদুল আজহার নামাজ শেষে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম বৃহৎ ও দৃষ্টিনন্দন স্থাপনা আবুধাবি শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত হয় একটি বিশেষ খুতবা। খুতবায় ইমাম মুসলিম উম্মাহকে স্মরণ করিয়ে দেন ঈদুল আজহার মূল বার্তা—আত্মত্যাগ, সহানুভূতি ও আল্লাহর প্রতি সর্বোচ্চ আনুগত্য।
তিনি বলেন,
“হজরত ইব্রাহিম (আ.)-এর উদাহরণ আমাদের শেখায় কীভাবে আল্লাহর আদেশে নিজের সবচেয়ে প্রিয় জিনিসও ত্যাগ করা যায়। আমাদের উচিত সেই শিক্ষাকে হৃদয়ে ধারণ করে পারস্পরিক সহানুভূতি, দয়া ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হওয়া।”
খুতবায় বিশ্ব মুসলিমদের একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়,
“আজকের এই পবিত্র দিনে আমরা যেন বিভাজনের পথ ছেড়ে ঐক্যের পথে এগিয়ে যাই, শত্রুতা নয়—ভ্রাতৃত্বই হোক আমাদের পরিচয়।”
প্রায় কয়েক হাজার মুসল্লি উপস্থিত ছিলেন নামাজ ও খুতবায়। ঈদের এ দিনে নানা ভাষাভাষীর মুসলমানেরা একসঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেন, যা ছিল এক অনন্য ধর্মীয় সংহতির প্রতিচ্ছবি।
আমিরাতজুড়ে ঈদের জামাতের সময়সূচি:
-
আবুধাবি: সকাল ৫:৫০ মিনিট
-
দুবাই: সকাল ৫:৪৫ মিনিট
-
শারজাহ: সকাল ৫:৪৪ মিনিট
-
আজমান: সকাল ৫:৪৪ মিনিট
-
ফুজাইরাহ: সকাল ৫:৪১ মিনিট
-
উম্মে আল কুইন: সকাল ৫:৪৩ মিনিট
-
রাস আল খাইমা: সকাল ৫:৪১ মিনিট
-
আল ধাফরাহ: সকাল ৫:৫৫ মিনিট
-
আল-আইন: সকাল ৫:৪৩ মিনিট
-
শারজাহ পূর্বাঞ্চল: সকাল ৫:৪১ মিনিট
ঈদুল আজহার এ দিনে মুসলিমরা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মত্যাগের শিক্ষা নিয়ে সমাজে শান্তি, সহানুভূতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 















