
ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো ও সামরিক প্রতিরক্ষা পরিকল্পনা সংক্রান্ত হাজার হাজার গোপন নথি সংগ্রহ করার দাবি করেছে ইরানি গোয়েন্দা সংস্থা। একাধিক ইরানি ও লেবানিজ সংবাদমাধ্যম জানিয়েছে, একটি গোপন ও উচ্চ-পর্যায়ের অভিযানের মাধ্যমে এই স্পর্শকাতর উপাত্ত সংগ্রহ করা হয়েছে।
তেহরানভিত্তিক বার্তাসংস্থা তাসনিম নিউজ এবং হিজবুল্লাহ-ঘনিষ্ঠ লেবানিজ চ্যানেল আল-মায়েদান শনিবার (৭ জুন) এই খবর ফলাও করে প্রচার করে। এতে দাবি করা হয়, “ইরানের গোয়েন্দারা ইহুদিবাদী ইসরায়েলের কাছ থেকে বিশালসংখ্যক গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর নথি হস্তগত করেছে, যার মধ্যে রয়েছে পারমাণবিক অবকাঠামো সম্পর্কিত গোপন কাগজপত্র, বহু ছবি ও ভিডিওচিত্র।”
বার্তাসংস্থা এএফপি এবং টাইমস অব ইসরায়েল-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত ইরান এই নথির বিস্তারিত কোনো দৃষ্টান্ত কিংবা প্রমাণ প্রকাশ না করলেও, গোয়েন্দা পর্যায়ে এসব তথ্যে ব্যাপক বিশ্লেষণ করা হয়েছে বলে দাবি করছে তেহরান।
তাসনিম-এর প্রতিবেদনে বলা হয়, “নিরাপদ চ্যানেলের মাধ্যমে গোপন নথিপত্র, ছবি ও ভিডিও ইরানে পৌঁছানোর পর সেগুলো সুক্ষ্ম পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মধ্য দিয়ে গেছে।” এতে আরও বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষা পরিকল্পনা ও সামরিক পরিকাঠামো সম্পর্কিত বহু তথ্য এতে অন্তর্ভুক্ত রয়েছে।
এ বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এমন একটি দাবি যদি সত্যি হয়, তবে তা দখলদার ইসরায়েলের জন্য মারাত্মক কৌশলগত বিপর্যয় হিসেবে বিবেচিত হবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনার মাধ্যমে ইরান ও ইসরায়েলের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও বাড়বে। গাজা ও লেবাননের সীমান্তে সাম্প্রতিক সংঘাত এবং ইরান-ইসরায়েল ছায়াযুদ্ধের প্রেক্ষাপটে এই তথ্যপ্রাপ্তির দাবি একটি নতুন কূটনৈতিক জটিলতার জন্ম দিতে পারে।
এদিকে, আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। ইসরায়েলের পারমাণবিক কার্যক্রম সম্পর্কে দীর্ঘদিন ধরেই বিভিন্ন দেশ সন্দেহ পোষণ করে আসছে, যদিও ইসরায়েল কখনো তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















