
প্রধান উপদেষ্টার কাছে পাঠানো ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের চিঠি পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “টিউলিপের চিঠি পেয়েছি। এটি একটি লিগ্যাল ইস্যু এবং লিগ্যাল ওয়েতে সমাধান করা হবে।” মঙ্গলবার (১০ জুন) লন্ডনে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তবে তিনি বলেন, অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) বৈঠকে টিউলিপ সিদ্দিক উপস্থিত ছিলেন না।
🔹 তারেক রহমানের সঙ্গে বৈঠক ১৩ জুন
প্রেস সচিব আরও জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আগামী ১৩ জুন সকালে অনুষ্ঠিত হবে। বৈঠকটি কোনো নির্ধারিত ফরম্যাটে না হলেও এতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনকালীন সময়সূচি, নির্বাচন সংস্কার, এবং ‘জুলাই চার্টার’-সহ গুরুত্বপূর্ণ বিষয়াদি আলোচনায় আসতে পারে।
শফিকুল আলম বলেন,
“তারেক রহমান বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলের নেতা, এ কারণে তার সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ একটি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার অংশ।”
সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন।
🔹 লন্ডন সফর ও রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ
এর আগে, ৯ জুন সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। পরদিন, ১০ জুন দুপুর ১২টার দিকে তিনি পৌঁছান হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে। চার দিনের এই সফরের অংশ হিসেবে তিনি বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সময় তিনি ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 














