
পরমাণু কর্মসূচি নিয়ে ‘অবশ্যই’ সমঝোতায় আসতে হবে— এমন আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে, এ ইস্যুতে দ্বিধায় থাকলে ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, “ইতোমধ্যে (ইরানে) অনেক মৃত্যু ও ধ্বংস হয়েছে। পরবর্তী হামলাগুলো আরও নিষ্ঠুর হবে এবং সব কিছু শেষ করে দেবে; কিন্তু এখনও এই ধ্বংস থামানোর সুযোগ আছে।”
তিনি বলেন, “ইরানকে অবশ্যই সমঝোতায় আসতে হবে এবং সেটি হতে হবে সব কিছু শেষ হওয়ার আগেই… তাই যতদ্রুত সম্ভব সমঝোতায় আসুন। আর কোনো ধ্বংস নয়, কোনো মৃত্যু নয়। ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন।”
এর একদিন আগেই, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ইরান কখনও পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ইরান ফের কূটনৈতিক আলোচনায় ফিরবে।
ট্রাম্পের এই বার্তার আগে শুক্রবার ভোররাতে ইরানের রাজধানী তেহরানসহ আটটি শহরে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরানের পরমাণু প্রকল্প এবং সামরিক স্থাপনাগুলোর ওপর চালানো এই অভিযানে অন্তত ১০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়।
এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি, ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের প্রধান কমান্ডার হোসাইন সালামি, পরমাণু বিজ্ঞানী ফেরেয়দুন আব্বাসি এবং ইরানের পরমাণু সংস্থার শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ তেহরানচি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল।
ইসরায়েলের সামরিক বাহিনী এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন রাইজিং লায়ন’। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, “আমরা ইসরায়েলের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আছি। এই সামরিক অভিযানের লক্ষ্য ইরানি হুমকি প্রতিরোধ করা। যতদিন না এই হুমকি বন্ধ হচ্ছে, ততদিন এ অভিযান চলবে।”
ইরানি সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানিয়েছে, হামলার পর নাতাঞ্জে অবস্থিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটে। এ ছাড়া সম্ভাব্য পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে। পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত আগামী দিনগুলোতে আরও বিস্তৃত ও ভয়াবহ রূপ নিতে পারে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অবস্থান এবং ট্রাম্পের হুঁশিয়ারি আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 















