
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিজিটাল নিরাপত্তা জোরদার ও ভুয়া তথ্য নিয়ন্ত্রণে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের সঙ্গে সমন্বিত কাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (২৬ নভেম্বর) সিআইডি সদর দপ্তরে টিকটকের দুবাইভিত্তিক প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ। এতে সাইবার ইন্টেলিজেন্স, ডিজিটাল ঝুঁকি ব্যবস্থাপনা ও অপরাধ তদন্ত সংশ্লিষ্ট বিভিন্ন ইউনিটের কর্মকর্তা উপস্থিত ছিলেন। টিকটকের প্রতিনিধি দলে ছিলেন আইন প্রয়োগকারী আউটরিচ টিমের আঞ্চলিক প্রধান সোহাইব খান, দক্ষিণ এশিয়ার সরকারি সম্পর্ক প্রধান ফেরদৌস মুত্তাকিন এবং দক্ষিণ এশিয়ার আইনি প্রধান আদিল শাহ।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন জানান, বাংলাদেশ পুলিশ ও টিকটকের মধ্যে একটি আনুষ্ঠানিক কমিউনিকেশন চ্যানেল এবং কার্যকর এসকেলেশন সিস্টেম চালুর বিষয়ে বিশদ আলোচনা হয়েছে। ভুয়া তথ্য, পর্নোগ্রাফি, জুয়ার বিজ্ঞাপন, সাইবার বুলিং ও অনলাইন প্রতারকদের রিক্রুটিং ভিডিও দ্রুত শনাক্ত ও অপসারণে টিকটকের বিদ্যমান পদ্ধতি আরও শক্তিশালী করার প্রস্তাবও তুলে ধরে সিআইডি।
সভায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন ঠেকাতে সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) ২৪/৭ অনলাইন পেট্রোলিং কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া টিকটকের সঙ্গে সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি করে জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
কিশোর ব্যবহারকারীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জ, বিপজ্জনক স্টান্ট ও হুমকিপূর্ণ কনটেন্ট থেকে সুরক্ষায় ইন-অ্যাপ সতর্কবার্তা, সেফটি ক্যাম্পেইন ও অভিভাবকদের সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়ার অনুরোধ জানায় সিআইডি। একইসঙ্গে ডিপফেকসহ এআই-চালিত বিভ্রান্তিকর কনটেন্ট দ্রুত শনাক্ত ও অপসারণে বিশেষ প্রটোকল চালুর বিষয়েও আলোচনা হয়।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 


















