
জন্ম, জীবন আর মৃত্যু—জৈবিক অস্তিত্বের এই চেনা চক্রকে মানবসভ্যতা যুগ যুগ ধরে স্বাভাবিক সত্য হিসেবে মেনে এসেছে। কিন্তু সাম্প্রতিক এক বৈজ্ঞানিক আবিষ্কার এই দীর্ঘদিনের ধারণাকে আমূল বদলে দিতে পারে। জীববিজ্ঞানীদের একটি দল দাবি করেছে, জীবন ও মৃত্যুর মাঝখানে এক রহস্যময় “তৃতীয় অবস্থা” বিদ্যমান—যা প্রচলিত সংজ্ঞাকে চ্যালেঞ্জ করে নতুন প্রশ্ন উত্থাপন করছে।
এই গবেষণায় উঠে এসেছে, মানবদেহসহ বিভিন্ন প্রাণীর কোষ মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে গেলেও সঙ্গে সঙ্গে নিভে যায় না। বরং কোষগুলো এমন একটি অদ্ভুত জৈবিক অবস্থায় প্রবেশ করে যেখানে তারা না পুরোপুরি জীবিত, না পুরোপুরি মৃত। বিজ্ঞানীরা একে বলছেন—“ট্রানজিশনাল বায়োলজিক্যাল স্টেট”, বা জীবনের সঙ্গে মৃত্যুর মাঝামাঝি একটি সক্রিয় পরিবর্তনশীল স্তর।
গবেষকদের মতে, এই অবস্থায় কোষগুলো নিজেদের পুনর্গঠন বা পুনরুজ্জীবিত করার চেষ্টা করে। কিছু ক্ষেত্রে তারা আবার পূর্ণ কার্যক্ষমতাতেও ফিরে আসে। অর্থাৎ, মৃত্যুর আগেই শরীরে এমন এক ‘শেষ সংগ্রাম’ শুরু হয়, যা আগে কখনো এত স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি।
এই অভাবনীয় আবিষ্কারটি শুধু মৃত্যুর জৈবিক সংজ্ঞাকেই নতুন করে ভাবতে বাধ্য করছে না, বরং চিকিৎসা বিজ্ঞানেও বিপ্লব ঘটাতে পারে। বিশেষ করে হৃদ্যন্ত্র বা মস্তিষ্ক বন্ধ হওয়ার কয়েক মিনিট পরও জীবন ফিরিয়ে আনার সম্ভাবনা—যা নিয়ে গবেষকেরা এখন আরও গভীরে যেতে চান।
বিশেষজ্ঞদের একাংশ বলছেন, এই “তৃতীয় অবস্থা” সম্পর্কে গভীর ধারণা তৈরি হলে ভবিষ্যতে মৃত্যুর সীমা, অঙ্গ প্রতিস্থাপন, ট্রমা চিকিৎসা এমনকি দীর্ঘায়ু গবেষণার দৃষ্টিভঙ্গিও পরিবর্তন হয়ে যেতে পারে।
এই নতুন আবিষ্কার ভিডিও ও গবেষণা প্রকাশিত হওয়ার পর থেকেই বৈজ্ঞানিক মহলে আলোচনার ঝড় তুলেছে এবং মানবজীবন সম্পর্কে বহু নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 


















