
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে প্রায় পাঁচ ঘণ্টা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রাখার পর উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ঢামেক থেকে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে এভারকেয়ারের উদ্দেশ্যে নেওয়া হয়। রাত ৮টা ৫ মিনিটে আইসিইউ সাপোর্টযুক্ত অ্যাম্বুলেন্সটি এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, হাদিকে প্রথমে লাইফ সাপোর্টে নেওয়া হয় এবং পরে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।
অস্ত্রোপচারের পর সরকারি ব্যবস্থাপনায় উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ারে স্থানান্তর করা হয়েছে।
ঢামেকের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাক আহমেদ জানান, শরিফ ওসমান হাদির ডান দিক দিয়ে গুলি ঢুকে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে যায়। তবে গুলির দুই-একটি অংশবিশেষ তাঁর মস্তিষ্কে রয়ে গেছে।
সিটিস্ক্যান রিপোর্টে দেখা যায়, হাদির মাথার ভেতরে অত্যন্ত ছোট আকারের “প্রিলেট”—অর্থাৎ পুঁতির মতো ধাতব বল—অন্তত দুই-একটি রয়ে গেছে। অস্ত্রোপচারের সময় একটি প্রিলেট অপসারণ করা সম্ভব হলেও বাকি অংশ এখনো মস্তিষ্কের ভেতরে রয়েছে।
ডা. মোস্তাক আহমেদ বলেন, “গুলিবিদ্ধ হওয়ার কারণে তাঁর ব্রেনের প্রেসার অনেক বেড়ে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়। প্রেসার কমানো এবং রক্তক্ষরণ বন্ধ করার জন্য নিউরো বিশেষজ্ঞদের একটি সিনিয়র টিম জরুরি অস্ত্রোপচার করেছেন।”
অস্ত্রোপচার শেষে হাদিকে স্থিতিশীল করা হলেও তাঁর অবস্থা এখনো সংকটাপন্ন। উন্নত পর্যবেক্ষণ ও পোস্ট-সার্জারি ম্যানেজমেন্টের জন্য তাকে এভারকেয়ার হাসপাতালের বিশেষায়িত বিভাগে নেওয়া হয়েছে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















