
যুব এশিয়া কাপে শিরোপা ধরে রাখার মিশনে শুভ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনারের জোড়া ফিফটিতে জয়ের ভিত্তি গড়ে দেয় যুবারা। এরপর মধ্য ও শেষের দিকের দৃঢ় ব্যাটিংয়ে ৭ বল হাতে রেখে ৩ উইকেটের গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় বাংলাদেশ।
দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রানের বড় সংগ্রহ গড়ে। জবাবে বাংলাদেশ ৪৮ ওভার ৫ বলে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। ৪৫ বলে ফিফটি তুলে নেন জাওয়াদ। সেঞ্চুরির পথে এগোচ্ছিলেও শেষ পর্যন্ত ৯৬ রানে থামেন তিনি। অন্য ওপেনার রিফাত বেগ ৬০ বলে ফিফটি করে ৬৮ বলে ৬২ রান করেন। তাদের ১৫০ রানের উদ্বোধনী জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।
তিন নম্বরে নেমে দায়িত্বশীল ব্যাটিং করেন আজিজুল হাকিম তামিম। তিনি ৪৮ বলে ৪৭ রান করে ইনিংস সামাল দেন। তবে তার বিদায়ের পর সামিউন বশির ও মোহাম্মদ আব্দুল্লাহ দ্রুত ফিরলে ম্যাচে কিছুটা শঙ্কা তৈরি হয়।
শেষ দিকে রিজান হোসেন ও শেখ পারভেজ জীবন চাপ সামলে আক্রমণাত্মক ব্যাটিং করেন। গুরুত্বপূর্ণ সময়ে দ্রুত রান তুলে তারা বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
এর আগে আফগানিস্তানের ইনিংসে শুরুতেই সাদ ইসলামের বলে ৩ রান করে ফেরেন ওপেনার খালিদ আহমদজাই। এরপর ওসমান সাদাত ও ফয়সাল মিলে ইনিংস গড়েন। সাদাত ৩৪ রান করে আউট হলেও ফয়সাল দুর্দান্ত ব্যাটিং করে ৯৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১০৩ রান করেন।
ফয়সাল ও উজাইরউল্লাহর ৯৩ রানের জুটিতে আফগানিস্তান বড় সংগ্রহের পথে এগোলেও মাঝের ওভারে নিয়মিত উইকেট হারাতে থাকে দলটি। অধিনায়ক মাহবুব খান (১৩), উজাইরউল্লাহ (৪৪), খাতির স্টানিকজাই (১১) ও রুহুল্লাহ আরব (০) দ্রুত ফিরে গেলে কিছুটা চাপে পড়ে আফগানরা।
শেষ দিকে আজিজউল্লাহ মিয়াখিল (৩৮*) ও আব্দুল আজিজ (২৬*) দ্রুতগতির ক্যামিও ইনিংসে দলকে ২৮৩ রানের লড়াকু পুঁজি এনে দেন।
বাংলাদেশের বোলিংয়ে ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ দুটি করে উইকেট নেন। এছাড়া সাদ ইসলাম, সামিউন বসির ও রিজান হোসেন একটি করে উইকেট শিকার করেন।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 


















