
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকে ‘প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপর হামলা’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি দেশের গণতান্ত্রিক উত্তরণ ব্যাহত করার একটি সুপরিকল্পিত অপচেষ্টার অংশ।
শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই একজন সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীর ওপর হামলা হয়েছে। হামলার ধরন দেখে বোঝা যায়, এটি একটি পেশাদার হামলা। তিনি বলেন, এ ধরনের সহিংসতার মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ভাঙার চেষ্টা চলছে, তবে এতে তারা সফল হবে না।
বিএনপির এই নেতা বলেন, জুলাই-২০২৪-এর গণঅভ্যুত্থানের চেতনাই বর্তমান রাজনৈতিক ঐক্যের ভিত্তি। রাজনৈতিক মতভেদ থাকলেও এমন কোনো বিতর্কে জড়ানো হবে না, যা জাতীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করে। ফ্যাসিবাদবিরোধী অবস্থানে কোনো ধরনের আপস হবে না বলেও তিনি স্পষ্ট করেন।
তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে নিরাপত্তা বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, সব রাজনৈতিক নেতার নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তিনি বলেন, এটি বিএনপির জন্য সর্বোচ্চ অগ্রাধিকার এবং দলীয় ও রাষ্ট্রীয় পর্যায়ে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে সন্ধ্যার পর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তিনি ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’তে আক্রান্ত এবং বর্তমানে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে। আগামী ৭২ ঘণ্টা তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















