
মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি জানিয়েছেন, আগামী ৭২ ঘণ্টা হাদির জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাদির শারীরিক অবস্থা পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি। ডা. সায়েদুর বলেন, গুলি বাম কানের ঠিক ওপর দিয়ে মাথায় প্রবেশ করে ডান দিক দিয়ে বেরিয়ে গেছে। এই পথে গুলিটি মস্তিষ্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ব্রেন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে।
চিকিৎসকদের ভাষায় এটি ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’, যা জীবনরক্ষাকারী স্নায়বিক কার্যক্রমকে নিয়ন্ত্রণকারী অংশে মারাত্মক আঘাত হেনেছে। এ অবস্থায় এখন কোনো ধরনের নতুন চিকিৎসা বা অস্ত্রোপচার সম্ভব নয় বলে জানান তিনি। বর্তমানে চিকিৎসকদের একমাত্র লক্ষ্য রোগীকে লাইফ সাপোর্টে ধরে রাখা।
ডা. সায়েদুর জানান, হাদিকে আপাতত কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছে। যদিও চিকিৎসকেরা এখনই আশার কোনো নিশ্চয়তা দিতে পারছেন না, তবে তার শরীরে এখনো ‘সাইন অব লাইফ’ রয়েছে। অস্ত্রোপচারের সময় তার নিজের শ্বাস নেওয়ার কিছু চেষ্টা লক্ষ্য করা গেছে বলেও জানান তিনি।
তবে পরিস্থিতি অত্যন্ত জটিল উল্লেখ করে বিশেষ সহকারী বলেন, পথটা মোটেও সহজ নয়। গুলিবিদ্ধ হওয়ার পর অস্ত্রোপচারের আগেই একবার শকে চলে গিয়েছিলেন হাদি। পরে ঢামেক থেকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরের সময় তার নাক ও গলা দিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়, যা তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
সবশেষে ডা. সায়েদুর রহমান বলেন, এই মুহূর্তে কোনো আশার গল্প শোনানোর মতো পরিস্থিতি নেই। রোগীর অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরিস্থিতির ওপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসা সিদ্ধান্ত নেওয়া হবে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 















