
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ৪৫৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে ভালো মানের সোনার দাম ছাড়িয়ে গেছে দুই লাখ ১৫ হাজার টাকা।
শনিবার (১৩ ডিসেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্যতালিকা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দাম আগামী রোববার (১৪ ডিসেম্বর) থেকে সারা দেশে কার্যকর হবে। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় এবং বৈশ্বিক বাজারের সঙ্গে সমন্বয় করতেই এই মূল্য সমন্বয় করা হয়েছে।
বাজুস জানায়, সোনার দাম বৃদ্ধির প্রধান কারণ হলো আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি। বর্তমানে বৈশ্বিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৩০০ ডলার ছাড়িয়ে গেছে, যার সরাসরি প্রভাব পড়েছে দেশের বাজারেও।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৫ হাজার ৮০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭৬ হাজার ৩৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৪৬ হাজার ৮৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৫৭২ টাকা, ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা অব্যাহত থাকলে সামনে স্বর্ণের দামে আরও ওঠানামা দেখা যেতে পারে, যার প্রভাব দেশের বাজারেও পড়বে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 
















