
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে সংঘটিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল। সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন।
সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালামসহ মহানগরীর একাধিক কর্মপরিষদ সদস্য। বক্তারা বলেন, ওসমান হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি পরিকল্পিতভাবে গণতান্ত্রিক কণ্ঠস্বর দমন ও ভয়ভীতি সৃষ্টির অপচেষ্টা।
বক্তারা অভিযোগ করেন, প্রকাশ্যে হত্যাচেষ্টার মতো গুরুতর ঘটনা ঘটলেও এখনো দোষীদের গ্রেপ্তারে কার্যকর অগ্রগতি নেই। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত, গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুহাম্মদ শামছুর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান, সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমনসহ ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে জননেতা মো. নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ‘হাদির ওপর হামলার বিচার চাই’ ও ‘গণতন্ত্রের কণ্ঠরোধ বন্ধ করো’সহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকা।
জামায়াত নেতারা সতর্ক করে বলেন, এ ধরনের হামলার মাধ্যমে যদি গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়, তবে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 


















