
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনের সময় ছয়জন বীর বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদতবরণ এবং আরও আটজনের আহত হওয়ার খবরে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই বীরদের আত্মত্যাগ একদিকে জাতির জন্য গৌরবের, অন্যদিকে গভীর বেদনার।
ড. মুহাম্মদ ইউনূস নিহত শান্তিরক্ষীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি আহত শান্তিরক্ষীদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বিবৃতিতে আরও বলা হয়, আহত শান্তিরক্ষীদের সর্বোচ্চ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য জাতিসংঘের প্রতি ইতোমধ্যেই অনুরোধ জানানো হয়েছে। এই দুঃসময়ে বাংলাদেশ সরকার শান্তিরক্ষীদের পরিবারগুলোর পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা।
ড. ইউনূস এ ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্ধে একটি গুরুতর অপরাধ। তিনি শান্তিরক্ষীদের নিরাপত্তা আরও জোরদার করতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
নিহত শান্তিরক্ষীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















