
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন ঘোষণায় প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিপ্রতি ছাড়িয়েছে ২ লাখ ১৭ হাজার টাকা।
সোমবার (১৫ ডিসেম্বর) বাজুসের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন নির্ধারিত দাম মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় বৈশ্বিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে মূল কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধির কথাও উল্লেখ করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৩২০ ডলার ছাড়িয়ে গেছে, যা দেশের বাজারে সরাসরি প্রভাব ফেলেছে বলে জানায় সংগঠনটি।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৭ হাজার ২১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা।
এদিকে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। বাজুসের ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৫৭২ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















