
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) ভোর ৫টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন পল্টন থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান। তিনি জানান, ওসমান হাদিকে গুলির ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হিসেবে তার এক আত্মীয় দায়িত্ব নিয়েছেন বলে জানান তিনি, তবে বাদীর নাম প্রকাশ করা হয়নি।
এএসআই রকিবুল হাসান আরও জানান, মামলাটি বর্তমানে পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া তদন্ত করছেন। মামলার নম্বর জানতে চাইলে তিনি বলেন, “মামলাটি সেনসিটিভ হওয়ায় নম্বর তাৎক্ষণিকভাবে জানানো যাচ্ছে না।”
এদিকে, এই ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন— গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, সীমান্ত দিয়ে মানুষ পাচারকারী চক্রের দুই সদস্য, প্রধান সন্দেহভাজন ফয়সাল করিমের স্ত্রী, তার শ্যালক এবং অপর এক নারী।
এদিকে হামলাকারী দুই আততায়ীর একজন সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ‘ফয়সাল করিম’ সম্পর্কে নতুন তথ্য সামনে এসেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ফয়সাল করিম কিছুদিন ধরে ওসমান হাদির নির্বাচনী প্রচার কার্যক্রমে যুক্ত ছিলেন। পুলিশের পক্ষ থেকেও তাকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে নাগরিকদের কাছে তথ্য চাওয়া হয়েছে। জানা গেছে, ফয়সাল করিম নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর এলাকার সাবেক নেতা ছিলেন।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 













