
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠকে বসেছেন ডাকসু নেতারা।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিনি কনফারেন্স রুমে ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। এ সময় আন্দোলনরত অন্য শিক্ষার্থীরা শিক্ষা ভবন মোড়ে অবস্থান নেন।
এর আগে, একই দাবিতে দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। স্লোগান দিতে দিতে তারা দোয়েল চত্বর ও হাইকোর্ট মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশের বাধার মুখে পড়েন। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেন।
ডাকসু নেতাদের উত্থাপিত তিন দফা দাবির মধ্যে রয়েছে—শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং আওয়ামী লীগের ‘সন্ত্রাসী’দের গ্রেপ্তার।
বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে শোনেন এবং বিষয়গুলো পর্যালোচনার আশ্বাস দেন বলে জানা গেছে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















