
সাংবাদিক আনিস আলমগীরকে হেফাজতে নেওয়ার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদে কিছু বিষয়ে সন্তোষজনক উত্তর দিতে না পারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এ কারণে তাকে রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে ডিবি কার্যালয়েই থাকতে হচ্ছে।
রোববার গভীর রাতে ডিবির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “সাংবাদিক আনিস আলমগীর গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে কিছু বিষয়ে সদুত্তর দিতে পারেননি। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান থাকায় আজ রাতে তাকে ডিবি কার্যালয়ে রাখা হচ্ছে।”
এর আগে রোববার রাতে আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেওয়া হয়। তখন ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, “আমরা সাংবাদিক আনিস আলমগীরকে ডিবিতে নিয়ে এসেছি। কিছু বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।”
তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা তাকে নির্দিষ্ট কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এনেছি। অন্যান্য বিষয় পরে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে জানানো হবে।”
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, রাজধানীর ধানমন্ডি এলাকার একটি জিম থেকে সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য ডিএমপি মিডিয়া সেন্টার থেকে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 


















