
মহান বিজয় দিবস উপলক্ষ্যে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব স্মারক সামগ্রী অবমুক্ত করা হয়।
ডাক বিভাগ সূত্র জানায়, মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের গৌরবময় ইতিহাস স্মরণে এবারের বিজয় দিবস উপলক্ষ্যে বিশেষ এই স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর প্রকাশ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাব উদ্দিন উপস্থিত ছিলেন।
উপস্থিত কর্মকর্তারা জানান, বিজয় দিবসের তাৎপর্য ও জাতীয় ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে স্মারক ডাকটিকিট প্রকাশ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এসব স্মারক সামগ্রী শিগগিরই দেশের ডাকঘরগুলোতে সংগ্রহের জন্য উন্মুক্ত করা হবে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















