
অস্ট্রেলিয়ার সিডনির বোন্ডি সমুদ্র সৈকতে গতকাল ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। ইহুদি সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে চালানো এই হামলার সময় এক বন্দুকধারীকে অসীম সাহসিকতার সঙ্গে প্রতিহত করেন আহমেদ আল-আহমেদ নামে এক ব্যক্তি। তার এই বীরোচিত ভূমিকার কারণে অস্ট্রেলিয়াজুড়ে তাকে এখন ‘হিরো’ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে।
আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, আহমেদ আল-আহমেদ সিডনিতে একটি ফলের দোকান পরিচালনা করেন। তিনি সিরিয়ায় জন্মগ্রহণ করলেও বর্তমানে একজন অস্ট্রেলীয় নাগরিক। ২০০৬ সালে সিরিয়া থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তিনি।
৪৩ বছর বয়সী আহমেদের জন্ম সিরিয়ার ইদলিব প্রদেশের আল-নায়রব এলাকায়। অস্ট্রেলিয়ায় আসার পর তিনি আর কখনো নিজ দেশে ফিরে যাননি। সম্প্রতি, প্রায় ১৯ বছর পর প্রথমবারের মতো তার বাবা-মা অস্ট্রেলিয়ায় আসেন এবং সরাসরি তাদের সঙ্গে দেখা হয় আহমেদের।
আহমেদের পরিবারে রয়েছে দুই কন্যা সন্তান—একজনের বয়স তিন বছর, অন্যজনের ছয় বছর। হামলার সময় বন্দুকধারীদের গুলিতে গুরুতর আহত হন তিনি। তার বাবা-মা জানিয়েছেন, আহমেদের কাঁধে চার থেকে পাঁচটি গুলি লাগে, যার মধ্যে কয়েকটি গুলি এখনো তার শরীরে রয়ে গেছে।
মুসলিম হয়েও ইহুদি সম্প্রদায়ের মানুষকে রক্ষায় নিজের জীবন বাজি রেখে এগিয়ে যাওয়ায় বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছেন এই সিরীয়-অস্ট্রেলিয়ান। তার সাহসিকতা মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হচ্ছে।
আহমেদের বাবা-মা বলেন, “আহমেদ যে কাউকে রক্ষায় যে কোনো কিছু করতে প্রস্তুত। কার পরিচয় কী, সে মুসলিম না ইহুদি—এগুলো সে কখনো বিবেচনা করে না। ওই মুহূর্তে যারা মারা যাচ্ছিল, তাদের বাঁচানোই ছিল তার একমাত্র চিন্তা।”
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 


















