
মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ৩৩ মিনিটে দিনের প্রথম প্রহরে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। একই সময়ে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে।
শ্রদ্ধা নিবেদনকালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবসে জাতির পক্ষ থেকে শহীদদের প্রতি এই শ্রদ্ধা নিবেদন মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন করে স্মরণ করিয়ে দেয় এবং স্বাধীনতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















