
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, পুরোনো ব্যবস্থার রাজনীতি পরিত্যাগ করে নতুন ব্যবস্থার রাজনীতির মাধ্যমেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। তিনি বলেন, এই নতুন রাজনীতি হবে সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, খুন ও ধর্ষণের বিরুদ্ধে, মামলাবাজি এবং দুর্নীতি-অন্যায়-অনাচারের বিরুদ্ধে এক দৃঢ় অবস্থান।
মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে আয়োজিত যুব ম্যারাথন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, দেশের রাজনীতিকে কলুষমুক্ত করতে হলে নৈতিকতা ও আদর্শভিত্তিক নতুন ধারার রাজনীতির বিকল্প নেই।
তিনি আরও

বলেন, তারুণ্যের শক্তিকে সঙ্গে নিয়েই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। “তারুণ্যের নতুন বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত এই ম্যারাথন চলবেই,”—উল্লেখ করে তিনি বলেন, যত বাধা, ভয়ভীতি ও ষড়যন্ত্রই আসুক না কেন, জামায়াতে ইসলামী ও তার যুবসমাজ কখনো থেমে যাবে না।
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, যুবসমাজই জাতির ভবিষ্যৎ এবং তাদের হাত ধরেই জাতির স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, আদর্শ, সততা ও ন্যায়ভিত্তিক নেতৃত্বের মাধ্যমে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা যাবে।
অনুষ্ঠান শেষে তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, দেশের মানুষের আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ গড়ার এই সংগ্রাম অব্যাহত থাকবে। “আমরা জাতির স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণ করব, ইনশাআল্লাহ”—এই প্রত্যয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















