
২০২৫ সালের শুরু থেকে সৌদি আরবে অন্তত ৩৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা দেশটির ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরের নতুন রেকর্ড। সরকারি ঘোষণার ভিত্তিতে বিভিন্ন মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার সংগৃহীত পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ২০২৪ সালে কার্যকর হওয়া ৩৩৮টি মৃত্যুদণ্ডের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।
প্রাপ্ত তথ্যে দেখা যায়, চলতি বছরে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে অন্তত ২৩২ জন মাদক-সম্পর্কিত মামলায় দণ্ডিত ছিলেন। সৌদি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে শুরু হওয়া ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’-এর অংশ হিসেবেই এই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকার দাবি করছে, সমাজকে মাদকমুক্ত রাখতে এবং অপরাধ দমনে এই নীতি কার্যকর ভূমিকা রাখছে।
তবে এই মৃত্যুদণ্ডের ক্রমবর্ধমান সংখ্যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংগঠন বলছে, মাদক মামলায় মৃত্যুদণ্ড আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থী এবং এটি সৌদি আরবের ঘোষিত সংস্কার ও আধুনিকায়নের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।
সমালোচকদের মতে, একদিকে যুব সমাজ, পর্যটন ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য সৌদি আরব নিজেকে সংস্কারমুখী রাষ্ট্র হিসেবে তুলে ধরছে, অন্যদিকে মৃত্যুদণ্ডের এমন ব্যাপক প্রয়োগ দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই ধারা অব্যাহত থাকলে সৌদি আরব আরও গভীর মানবাধিকার বিতর্কের কেন্দ্রে চলে আসবে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 


















