
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে সংঘটিত প্রাণঘাতী বন্দুক হামলায় জড়িত হামলাকারীদের একজন ভারতীয় নাগরিক ছিলেন বলে নিশ্চিত করেছে ভারতের পুলিশ। মঙ্গলবার ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্য পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, নিহত হামলাকারীদের একজন হায়দরাবাদ শহরের বাসিন্দা সাজিদ আকরাম (৫০)।
পুলিশের তথ্য অনুযায়ী, বন্ডাই সৈকতে সংঘটিত হামলায় সাজিদ আকরামের সঙ্গে তাঁর ছেলে নাভিদ আকরামও অংশ নেন। এই হামলায় এখন পর্যন্ত সাজিদসহ মোট ১৬ জন নিহত হয়েছেন। ঘটনাটিকে অস্ট্রেলিয়ার প্রায় তিন দশকের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী বন্দুক হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। হামলার পর ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে সন্ত্রাসী কর্মকাণ্ডের সম্ভাবনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ।
তেলেঙ্গানা রাজ্য পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, সাজিদ আকরাম হায়দরাবাদে বাণিজ্য বিষয়ে পড়াশোনা করেছিলেন। কর্মসংস্থানের উদ্দেশ্যে তিনি ১৯৯৮ সালের নভেম্বর মাসে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পারিবারিক ও সম্পত্তি–সংক্রান্ত বিষয় এবং বাবা–মায়ের সঙ্গে দেখা করতে তিনি ছয়বার অস্ট্রেলিয়া থেকে ভারতে এসেছিলেন।
পুলিশ আরও জানিয়েছে, সাজিদের পরিবার তাঁর কোনো ‘উগ্রবাদী চিন্তাধারা’ সম্পর্কে অবগত ছিল না। ভারত ছাড়ার আগে তাঁর বিরুদ্ধে কোনো নেতিবাচক তথ্য বা অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়নি। তেলেঙ্গানা পুলিশ স্পষ্ট করে জানিয়েছে, সাজিদ ও তাঁর ছেলে নাভিদের কর্মকাণ্ডের সঙ্গে ভারতের কোনো সংগঠন, নেটওয়ার্ক বা স্থানীয় প্রভাবের কোনো সম্পর্ক নেই।
ঘটনার আন্তর্জাতিক প্রভাব বিবেচনায় নিয়ে অস্ট্রেলিয়া ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে তথ্য আদান–প্রদান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 













