
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কে নির্বাচন করবে আর কে করবে না— কিংবা কোনো প্রার্থী কেন নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন— সেটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বলার মতো কিছু নেই।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা জানি এটি তাঁর ব্যক্তিগত কারণ। কে নির্বাচন করবে, কে করবে না— এগুলো প্রত্যেকের নিজস্ব সিদ্ধান্ত।
নিরাপত্তা ইস্যু নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, নিরাপত্তা একটি বড় ও গুরুত্বপূর্ণ বিষয়। যারা নির্বাচনে অংশ নিচ্ছেন বা নিচ্ছেন না— উভয় ক্ষেত্রেই এটি ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয় হতে পারে। কেউ চাইলে নিরাপত্তা সংকটের কারণ দেখিয়ে নির্বাচন না করার সিদ্ধান্ত নিতে পারেন। কেন কেউ নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন, সেটি সাংবাদিকদের অনুসন্ধানেই বেরিয়ে আসবে।
ঢাকায় নিরাপত্তা শঙ্কায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তিনি বলেন, “এই বিষয়টি আমার জানা নেই, আপনাদের কাছ থেকেই প্রথম শুনলাম।”
এ সময় গুলিবিদ্ধ হয়ে বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি চিকিৎসাধীন রয়েছেন। সবাই যেন তাঁর জন্য দোয়া করেন। তিনি একজন জুলাই যোদ্ধা এবং দেশের জন্য তাঁর অবদান উল্লেখযোগ্য।
এর আগে এদিন বিকেএমইএ (বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন)-এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশ-৪-এর কাছে ছয়টি পুলিশ ভ্যান হস্তান্তর করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
অনুষ্ঠানে তিনি বলেন, দেশের তৈরি পোশাক শিল্প, বিশেষ করে নিটওয়্যার খাত জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এই খাতের টেকসই উন্নয়নের জন্য নিরাপদ শিল্পাঞ্চল, স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনের সঙ্গে শিল্প মালিকদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, বিকেএমইএ পুলিশের জন্য ভ্যান উপহার দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ধরনের অংশীদারিত্ব দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী। বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে অনুষ্ঠানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, শিল্প পুলিশ-৪-এর প্রধান মো. আসাদুজ্জামান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, বিকেএমইএ’র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেলসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও শিল্পখাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















