
ইউরোপজুড়ে গুপ্তচরবৃত্তি ও বিদেশি হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যেই ফ্রান্সে একটি গুরুতর নিরাপত্তা ইস্যু সামনে এসেছে। ভূমধ্যসাগরে চলাচলকারী একটি ক্রুজ বা ফেরি জাহাজে অজ্ঞাত একটি তথ্য ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আবিষ্কৃত হওয়ায় বিদেশি হস্তক্ষেপের সন্দেহ তৈরি হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ জানান, দক্ষিণ ফ্রান্সে পরিচালিত একটি ফেরিতে এমন একটি প্রযুক্তিগত ব্যবস্থা পাওয়া গেছে, যা জাহাজটিকে দূর থেকে (রিমোট কন্ট্রোল) নিয়ন্ত্রণ করার সক্ষমতা রাখে। তার ভাষায়, এটি একটি অত্যন্ত গুরুতর বিষয় এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট।
তদন্তকারীদের প্রাথমিক ধারণা, এই ব্যবস্থাটি বৈধ নৌ-চালনা বা নিরাপত্তা প্রযুক্তির অংশ নয়। বরং এটি জাহাজের চলাচল, নেভিগেশন বা তথ্য ব্যবস্থায় গোপনে হস্তক্ষেপ করার উদ্দেশ্যে স্থাপন করা হয়ে থাকতে পারে। ফলে এটি একটি পরিকল্পিত বিদেশি হস্তক্ষেপ বা গুপ্তচরবৃত্তির প্রচেষ্টা হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে ইউরোপের একাধিক দেশ বিদেশি গুপ্তচর তৎপরতার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সেই প্রেক্ষাপটে ফ্রান্সকে একটি প্রধান টার্গেট হিসেবে দেখা হচ্ছে। এই ঘটনার পর দেশটির সামুদ্রিক নিরাপত্তা ও অবকাঠামোগত নজরদারি আরও জোরদার করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনাটি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট প্রযুক্তির উৎস, উদ্দেশ্য ও সম্ভাব্য সংশ্লিষ্ট পক্ষ চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। ফরাসি সরকার বলছে, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে পারে—এমন যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 


















