
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে ৪ দশমিক ০ মাত্রার একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে এ ভূকম্পন সংঘটিত হয় বলে জানিয়েছে দেশটির ভূতত্ত্ব জরিপ সংস্থা। ভূমিকম্পটি স্বল্প সময় স্থায়ী হলেও অনেক এলাকায় কম্পন অনুভূত হয়।
ভূতত্ত্ব জরিপ সংস্থার মুখপাত্র তারেক আবু আল-খলিল জানান, স্থানীয় সময় রাত ১টা ১১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮ কিলোমিটার গভীরে। মাত্রা কম হওয়ায় ভূমিকম্পটি কোনো ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ঘটাতে পারেনি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
তিনি আরও জানান, ইরানের জাগরোস পর্বতমালায় আরব ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের পারস্পরিক চাপের ফলেই সৌদি আরবের পূর্বাঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। ওই চাপের কারণে অঞ্চলটির নিচে অবস্থিত কিছু ভূ-ফল্ট পুনরায় সক্রিয় হতে পারে, যা মাঝেমধ্যে হালকা ভূমিকম্পের সৃষ্টি করে।
এদিকে, গত কয়েকদিন ধরে প্রতিকূল আবহাওয়ার কারণে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে রেড অ্যালার্ট জারি রয়েছে। এই পরিস্থিতির কারণে বুধবার পর্যন্ত টানা তৃতীয় দিনের মতো স্বশরীরে সব ধরনের শিক্ষা কার্যক্রম বাতিল রাখা হয়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















