
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) শনিবার (২০ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শহরিফ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে নগরের গুরুত্বপূর্ণ সড়কসমূহে যান চলাচল সীমিত করার ব্যবস্থা নিয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজায় বিপুল সংখ্যক লোকসমাগম হবে।
জানাজার সুবিধার্থে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। এ সময় নগরবাসীর নিরাপত্তা এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে ডিএমপি বিভিন্ন পথ নির্দেশনা জারি করেছে। মিরপুর রোড, ফার্মগেট, ধানমন্ডি এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ রুটে যানবাহনকে বিকল্প রুট ব্যবহার করার জন্য বলা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, সব যানবাহন চালক মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা পরিহার করে নির্দেশিত রুট অনুযায়ী চলাচল করবেন। নিরাপত্তার স্বার্থে জনসাধারণকে কোনো ধরনের ব্যাগ বা ভারি জিনিসপত্র বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, জানাজা ও দাফন শেষ না হওয়া পর্যন্ত এই বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর থাকবে এবং নগরবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















