
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতিতে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। একই সঙ্গে এই মৃত্যুর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আশ্বাসও দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ১৮ মিনিটে ঢাকা পোস্টকে দেওয়া এক বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডিএমপির সদস্যরা মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছেন এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকটি এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।
পুলিশের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, পরিস্থিতি যাতে আরও অবনতি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
আন্দোলনকারীদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে শেখ মো. সাজ্জাত আলী বলেন, এই ঘটনায় আবেগতাড়িত না হয়ে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। তিনি আশ্বস্ত করেন যে, শরিফ ওসমান হাদির মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি বিষয় গভীরভাবে তদন্ত করা হবে এবং কোনো ধরনের পক্ষপাত ছাড়াই সত্য উদঘাটন নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার মৃত্যুর খবর ঢাকায় পৌঁছালে তাৎক্ষণিকভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নিতে গেলে চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















