
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নামাজে জানাজা আজ শনিবার (২০ ডিসেম্বর) বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজাকে ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) একাধিক নির্দেশনা জারি করেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো ধরনের ব্যাগ বা ভারি বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে জানাজার সময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জানাজাকে কেন্দ্র করে দুপুর ২টা থেকে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। এ উপলক্ষে ডিএমপির পক্ষ থেকে নগরবাসীর জন্য বিশেষ ট্রাফিক নির্দেশনা ও বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুর রোড, ফার্মগেট, ধানমন্ডি, আসাদগেট, ইন্দিরা রোড ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনকে নির্ধারিত বিকল্প সড়ক অনুসরণ করতে হবে। এছাড়া জানাজা চলাকালীন সময়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের ফার্মগেট এক্সিট র্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্পের ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শরিফ ওসমান হাদি। তার মৃত্যুর সংবাদ ঢাকায় পৌঁছালে কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভাঙচুরের ঘটনা ঘটে।
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নিতে গিয়ে চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অস্ত্রোপচারের পর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।
সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, জানাজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 














