
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, যাত্রাপথে ডা. জুবাইদা রহমান কাতারের দোহা বিমানবন্দরে কয়েক ঘণ্টা অবস্থান করবেন এবং সেখান থেকে ট্রানজিট ফ্লাইটে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন।
আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন ডা. জুবাইদা রহমান। তিনি জানান, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একসঙ্গে আবার দেশে ফিরবেন ডা. জুবাইদা রহমান।
এদিকে জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে তিনি এরই মধ্যে ট্রাভেল পাস সংগ্রহ করেছেন। পাশাপাশি পরিবারের তিন সদস্যসহ মোট ছয়জনের জন্য বিমানের টিকিটও কাটা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তারেক রহমান দেশে ফিরবেন। পরিকল্পনা অনুযায়ী ২৪ ডিসেম্বর তিনি লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা হবেন এবং পরদিন ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানিয়েছেন, তারেক রহমান তার মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন। তিনি জানান, ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকায় পৌঁছাবে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 













