
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে দাফন করা হয়।
এর আগে শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় তার বড় ভাই আবু বকর সিদ্দিক ইমামতি করেন। জানাজা শেষে বিকেল ৩টার দিকে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আনা হয়।
বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে ফ্রিজার ভ্যান থেকে শহীদ হাদির মরদেহ কবরস্থানে নেওয়ার উদ্দেশ্যে নামানো হয়। এরপর বিকেল ৩টা ২০ মিনিটের দিকে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহযোদ্ধাদের উপস্থিতিতে দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়।
ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে শহীদ ওসমান হাদির মরদেহ দেশে আনা হয়।
শহীদ ওসমান হাদি ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে গড়ে ওঠা রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র। তিনি ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেন এবং ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণাও দিয়েছিলেন।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 


















