
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ঢাকাসহ সারা দেশ থেকে আসা লাখো মানুষের অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
জানাজায় অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এ ছাড়া ছাত্র-জনতা, সহযোদ্ধা ও সর্বস্তরের মানুষ শহীদ হাদির জানাজায় শরিক হন।
জানাজার আগে বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, আজ শুধু দেশের মানুষ নয়, বিদেশে অবস্থানরত বাংলাদেশিরাও হাদির কথা জানতে চায়। তিনি বলেন, “প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং বাংলাদেশ যতদিন থাকবে, তুমি সব বাংলাদেশির বুকের মধ্যে থাকবে।”
জানাজা শেষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শহীদ হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করার কথা রয়েছে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 
















