
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজার জন্য তার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় সেখানে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে শনিবার সকাল ১১টা ৪০ মিনিটে শহীদ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সম্পন্ন হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ আবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে গোসল সম্পন্ন করার পর সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ মরদেহটি মানিক মিয়া এভিনিউ হয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয়।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরদেহ পৌঁছালে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মরদেহ পাশে রেখে প্রথমে শহীদ শরিফ ওসমান হাদির জীবনবৃত্তান্ত পাঠ করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এরপর হাদির পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের একজন নেতা।
পরে বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি শহীদ হাদির আত্মত্যাগের কথা স্মরণ করে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং ন্যায়বিচারের প্রত্যাশা ব্যক্ত করেন।
সবশেষে বক্তব্য রাখেন শহীদ হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। তিনি তার ভাইয়ের আদর্শ ও সংগ্রামের কথা তুলে ধরেন এবং জানাজার নামাজে ইমামতি করবেন বলে জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, শহীদ শরিফ ওসমান হাদির জানাজার নামাজে ইমামতি করবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজা শেষে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই দাফন করা হবে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 















