
ইসরায়েলে বর্তমানে মিডিয়া, রাজনৈতিক এবং নিরাপত্তা আলোচনার অগ্রভাগে উঠে এসেছে ইরানের সঙ্গে নতুন করে সরাসরি সংঘর্ষের সম্ভাবনা। দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রতিদিনই ইরানকেন্দ্রিক নিরাপত্তা বিশ্লেষণ, সামরিক প্রস্তুতি ও কৌশলগত পর্যালোচনার খবর গুরুত্ব পাচ্ছে, যা মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।
ইসরায়েলি রাজনৈতিক মহলে ইরানকে ঘিরে তীব্র বিতর্ক চলছে। ক্ষমতাসীন জোটের একাংশ দাবি করছে, তেহরানের আঞ্চলিক প্রভাব ও সামরিক সক্ষমতা ইসরায়েলের জন্য অস্তিত্বগত হুমকি তৈরি করছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং লেবানন, সিরিয়া ও গাজার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তেহরানের সম্পর্ক এই উদ্বেগকে আরও গভীর করেছে।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সম্ভাব্য সংঘর্ষ শুধু ইরান-ইসরায়েল দ্বিপাক্ষিক পর্যায়ে সীমাবদ্ধ নাও থাকতে পারে। বরং লেবাননের দক্ষিণে হিজবুল্লাহ, সিরিয়ায় ইরানপন্থী মিলিশিয়া এবং গাজা উপত্যকাসহ একাধিক ফ্রন্টে সংঘাত বিস্তারের আশঙ্কা রয়েছে। এই কারণেই ইসরায়েলি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে।
ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত বিশ্লেষণে বলা হচ্ছে, আঞ্চলিক পরিস্থিতির সামান্য পরিবর্তনও বড় ধরনের সামরিক সংঘাতে রূপ নিতে পারে। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে উত্তর সীমান্তে উত্তেজনা এবং লোহিত সাগর ও পূর্ব ভূমধ্যসাগরে নিরাপত্তা ঝুঁকি—সব মিলিয়ে ইসরায়েল এখন বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি।
তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানোর বিষয়ে ইসরায়েলি নেতৃত্বের ভেতরে এখনো একমত নয়। একদিকে শক্ত অবস্থানের আহ্বান, অন্যদিকে আন্তর্জাতিক চাপ ও সম্ভাব্য পরিণতির হিসাব—এই দুইয়ের টানাপোড়েনে নীতি নির্ধারণ কঠিন হয়ে উঠেছে।
বিশ্লেষকদের মতে, ইসরায়েলে ইরান ইস্যু যেভাবে মিডিয়া ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে, তা শুধু তাৎক্ষণিক নিরাপত্তা উদ্বেগ নয়; বরং এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য এবং ভবিষ্যৎ সংঘাতের গতিপথ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ সংকেত বহন করছে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 


















