
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের লিখিত অনুমতি পেয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে রোববার (২১ ডিসেম্বর) রাতে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমতিপত্র দেওয়া হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ সংক্রান্ত অনুমতিপত্র বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে পাঠান।
তিনি আরও জানান, অনুমতিপত্রটি ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্টাফ জাহিদ হোসেন নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সরাসরি পৌঁছে দেন। সেখানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দপ্তর দায়িত্বে থাকা সাত্তার পাটোয়ারী চিঠিটি গ্রহণ করেন।
বিএনপির নেতারা বলছেন, দীর্ঘ সময় পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে দলীয়ভাবে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রেখে কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সব নির্দেশনা অনুসরণ করা হবে। অনুষ্ঠানের স্থান, সময়সূচি ও নিরাপত্তা সংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 














