
ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২৫: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের সুবিধার্থে আগামী ২৫ ডিসেম্বর ১০টি রুটে মোট ২০টি স্পেশাল (বিশেষ) ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
সোমবার (২২ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয়সমূহ থেকে বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ বরাদ্দের জন্য আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই রেলওয়ে কর্তৃপক্ষ এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
চাহিদার ভিত্তিতে যেসব রুটে স্পেশাল ট্রেন চলবে, সেগুলো হলো— কক্সবাজার–ঢাকা–কক্সবাজার, জামালপুর–ময়মনসিংহ–ঢাকা–জামালপুর, টাঙ্গাইল–ঢাকা–টাঙ্গাইল, ভৈরববাজার–নরসিংদী–ঢাকা–ভৈরববাজার, জয়দেবপুর–ঢাকা ক্যান্টনমেন্ট–জয়দেবপুর, পঞ্চগড়–ঢাকা–পঞ্চগড়, খুলনা–ঢাকা–খুলনা, চাটমোহর–ঢাকা ক্যান্টনমেন্ট–চাটমোহর, রাজশাহী–ঢাকা–রাজশাহী এবং যশোর–ঢাকা–যশোর।
এছাড়া নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। রেলওয়ে সূত্র জানিয়েছে, বিশেষ ট্রেন পরিচালনা ও অতিরিক্ত কোচ সংযোজনের মাধ্যমে আনুমানিক ৩৬ লাখ টাকা রাজস্ব আয় হবে বলে আশা করা হচ্ছে।
তবে বিশেষ ট্রেন পরিচালনার কারণে ২৫ ডিসেম্বর স্বল্প দূরত্বের তিনটি ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। ট্রেনগুলো হলো— রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী–পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা–রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর–রাজশাহী)।
রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, এক দিনের জন্য এসব ট্রেনের যাত্রা স্থগিত থাকায় সংশ্লিষ্ট রুটের সাধারণ যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে স্পেশাল ট্রেন ও অতিরিক্ত কোচে যাতায়াতকারী বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ‘নির্বাচনী আচরণবিধি–২০২৫’ কঠোরভাবে মেনে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 


















