
ঢাকা, ২১ ডিসেম্বর, ২০২৫: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং অন্যান্য শীর্ষস্থানীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপনের নিরাপত্তা ব্যবস্থা এবং সম্প্রতি ঘটে যাওয়া সংঘটিত সহিংসতা ও আইনশৃঙ্খলা ভঙ্গের ঘটনাগুলির প্রতিক্রিয়া।
বিশেষভাবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহিদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে সম্পৃক্তদের গ্রেফতার এবং তদন্তের অগ্রগতি বৈঠকে বিশদভাবে আলোচিত হয়। পুলিশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জানানো হয়, দুটি জাতীয় দৈনিক ও দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে মোট ৩১ জনকে। এর মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে কমপক্ষে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে আছেন—মো: কাশেম ফারুকি, মো: সাইদুর রহমান, রাকিব হোসেন, মো: নাইম, মো: সোহেল রানা, এবং মো. শফিকুল ইসলাম।
চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের নিকটে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করার ঘটনায়ও তিনজনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। প্রধান উপদেষ্টা বৈঠকে নির্দেশ দিয়েছেন, শহিদ হাদি হত্যায় জড়িত এবং অন্যান্য বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে যুক্তদের দ্রুততার সঙ্গে গ্রেফতার করতে হবে।
বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনের আগে যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে সব ধরণের প্রস্তুতি ও পদক্ষেপ গ্রহণ করতে হবে যেন নাগরিক নিরাপত্তা ও শান্তি বজায় থাকে।”
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 














