
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের টিকিটের জন্য বিশ্বজুড়ে ভক্তদের আগ্রহ নজিরবিহীন। র্যান্ডম সিলেকশন ড্র টিকিটিংয়ের প্রথম ১৫ দিনে জমা পড়েছে প্রায় ১৫ কোটি আবেদন, যা বিদ্যমান টিকিটের তুলনায় ৩০ গুণ বেশি। ফিফার তথ্য অনুযায়ী, এই ধাপে প্রতিটি আবেদন সমানভাবে গ্রহণ করা হচ্ছে, সময় বা তারিখের ভিত্তিতে কোনো প্রাধান্য নেই।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “২০২৬ বিশ্বকাপ বিশ্বের সবচেয়ে বড় ও অন্তর্ভুক্তিমূলক আয়োজন হতে যাচ্ছে। মাত্র প্রথম দুই সপ্তাহেই ১৫ কোটির বেশি আবেদন প্রমাণ করছে, ফুটবল মানুষের হৃদয়ে কতটা গভীরভাবে জায়গা করে নিয়েছে। ২০০টিরও বেশি দেশের ভক্তদের এই আগ্রহ সত্যিই অবিশ্বাস্য।”
২০২৬ বিশ্বকাপে ৪৮টি দল খেলবে মোট ১০৪টি ম্যাচ, যা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে। ফিফার পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত টিকিটের চাহিদা এমন পর্যায়ে পৌঁছেছে যে, ১৯৩০ সাল থেকে অনুষ্ঠিত সব বিশ্বকাপ ম্যাচের মোট দর্শকসংখ্যাকেও ছাড়িয়ে গেছে।
র্যান্ডম সিলেকশন ড্র টিকিটিং পর্ব ১১ ডিসেম্বর থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে। এই ধাপে টিকিট না পাওয়া ভক্তদের জন্য পরবর্তী ধাপেও সুযোগ থাকবে। ২০২৬ সালের ১১ জুন উদ্বোধনী ম্যাচের মাধ্যমে বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 


















