
বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে আসন্ন আইপিএল ২০২৬ মৌসুমের জন্য কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) স্কোয়াড থেকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের এই নির্দেশনার পর আনুষ্ঠানিকভাবে মোস্তাফিজকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে কেকেআর কর্তৃপক্ষ।
শনিবার ভারতের ক্রিকেট বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া বার্তা সংস্থা এএনআইকে জানান, “সাম্প্রতিক সার্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে তাদের স্কোয়াডে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে। প্রয়োজনে কেকেআর বিকল্প খেলোয়াড় নিতে চাইলে বিসিসিআই সেই অনুমতিও দেবে।”
কেকেআর তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, “বিসিসিআইয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সকল প্রক্রিয়া ও অভ্যন্তরীণ পরামর্শ শেষে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএলের নীতিমালা অনুসারে বদলি ক্রিকেটার নেওয়ার অনুমোদনও আমাদের দেওয়া হয়েছে। দ্রুত বিস্তারিত জানানো হবে।”
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার খবর সামনে আসার পর মোস্তাফিজের আইপিএল চুক্তি নিয়ে ভারতে বিতর্ক তৈরি হয়। এ নিয়ে কয়েকজন ধর্মীয় ও রাজনৈতিক নেতা প্রকাশ্যে কেকেআর কর্তৃপক্ষ এবং ফ্র্যাঞ্চাইজিটির মালিক শাহরুখ খানের সমালোচনা করেন। কেউ কেউ বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণ নিয়েই প্রশ্ন তোলেন।
গত মাসে অনুষ্ঠিত আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এটি আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ মূল্য। নিলামে কেকেআর ও চেন্নাই সুপার কিংসের মধ্যে মোস্তাফিজকে নিয়ে তীব্র দরকষাকষি হয়েছিল।
এর আগে বিসিসিআইয়ের একাধিক সূত্র জানিয়েছিল, বাংলাদেশি খেলোয়াড়দের আইপিএলে অংশগ্রহণ নিয়ে সরকারের কোনো সরাসরি নিষেধাজ্ঞা না থাকলেও তারা পরিস্থিতির ওপর নজর রাখছিল। শেষ পর্যন্ত ‘ভূ-রাজনৈতিক ও সাম্প্রতিক ঘটনাবলীর’ কথা উল্লেখ করে মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বোর্ড।
উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান এর আগে আইপিএলে পাঁচটি দলের হয়ে আট মৌসুম খেলেছেন। টুর্নামেন্টে এখন পর্যন্ত তার শিকার ৬৫ উইকেট। কেকেআর থেকে বাদ পড়ার পর আইপিএল ২০২৬-এ তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 

















