
পবিত্র রমজান মাসে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর এই নোটিশ পাঠান।
আইনি নোটিশে বলা হয়, বাংলাদেশের প্রায় ৯৮ শতাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার একটি সুপ্রতিষ্ঠিত আইন, প্রথা ও নীতি বিদ্যমান রয়েছে। সেই ধারাবাহিকতায় এতদিন রমজান মাসে স্কুল বন্ধ থাকলেও সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার বিষয়টি বিতর্ক সৃষ্টি করেছে।
নোটিশে সংবিধানের ৩১ অনুচ্ছেদের উল্লেখ করে বলা হয়, আইন ছাড়া কিছুই করা যাবে না। একই সঙ্গে সংবিধানের ১৫২(১) অনুচ্ছেদ অনুযায়ী ‘আইন’ বলতে বাংলাদেশে বলবৎ যেকোনো প্রথা ও রীতিকেও বোঝায়। সে অনুযায়ী রমজান মাসে স্কুল বন্ধ রাখার দীর্ঘদিনের প্রচলিত রীতি উপেক্ষা করে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত অসাংবিধানিক বলেও দাবি করা হয়।
আইনি নোটিশে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু-কিশোররা সারাদিন স্কুলে যাতায়াত ও ক্লাস শেষে শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ে। এই অবস্থায় রোজা রাখা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে ওঠে, যার ফলে ধর্মীয় অনুশীলনের প্রতি অনীহা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এটিকে ধর্মীয় আচার চর্চার ক্ষেত্রে একটি বড় অন্তরায় হিসেবে উল্লেখ করা হয়।
এ ছাড়া রমজান মাসে স্কুল চালু থাকলে শহরাঞ্চলে তীব্র যানজট সৃষ্টি হয়, যার ফলে নগরবাসীকে চরম ভোগান্তির শিকার হতে হয় বলেও নোটিশে বলা হয়েছে। এই পরিস্থিতিকে অনাকাঙ্ক্ষিত ও জনস্বার্থবিরোধী বলে উল্লেখ করা হয়।
এমতাবস্থায় পবিত্র রমজান মাসে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়। অন্যথায় এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 

















