
২০২৫ সালে মরক্কোতে আগত পর্যটকের সংখ্যা প্রায় ২০ মিলিয়নে পৌঁছেছে, যা দেশটির পর্যটন খাতে এক অভূতপূর্ব রেকর্ড। একই সঙ্গে পর্যটন থেকে আয় ১৩ বিলিয়ন ডলারেরও বেশি ছাড়িয়ে গেছে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে মরক্কোর পর্যটন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মরক্কোতে আনুমানিক ১৯.৮ মিলিয়ন পর্যটকের আগমন ঘটেছে। এর ফলে পর্যটন রাজস্ব প্রায় ১২৪ বিলিয়ন মরক্কান দিরহামে পৌঁছেছে, যা ২০২৪ সালের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে সর্বোচ্চ রেকর্ড।
এক প্রেস বিজ্ঞপ্তিতে পর্যটন মন্ত্রণালয় জানায়, রাজ্যটি “প্রথমবারের মতো ২০ মিলিয়ন পর্যটকের কাছাকাছি” পৌঁছেছে। কর্তৃপক্ষ এটিকে সাম্প্রতিক বছরগুলোতে পর্যটন খাতের ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতার স্পষ্ট প্রমাণ হিসেবে উল্লেখ করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, ২০২৪ সালের তুলনায় পর্যটক আগমনের সংখ্যা ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে পর্যটন আয় একই সময়ে প্রায় ১৯ শতাংশ বেড়েছে। এর ফলে বৈদেশিক মুদ্রা আয়ে মরক্কো একটি ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে।
পর্যটন খাতের এই “ঐতিহাসিক কর্মক্ষমতা”র পেছনে ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত বাস্তবায়নাধীন একটি বিস্তৃত রোডম্যাপকে দায়ী করেছে মন্ত্রণালয়। এই পরিকল্পনার মূল ভিত্তি ছিল আন্তর্জাতিক বাজারের সঙ্গে বিমান যোগাযোগ জোরদার করা, পর্যটন পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্যগুলোতে পরিষেবা ও অবকাঠামোর মান উন্নত করা।
স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে মরক্কো ওই বছরের মধ্যে পর্যটকের সংখ্যা প্রায় ২ কোটি ৬০ লক্ষে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। পর্যটন খাতকে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হয়, যা বর্তমানে মরক্কোর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৭.৩ শতাংশ অবদান রাখছে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 


















