
নিরাপত্তা শঙ্কার প্রেক্ষাপটে ভারতে অনুষ্ঠিতব্য ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) পাঠানো চিঠির জবাব পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জবাবে আইসিসি বাংলাদেশের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বলে জানিয়েছে বিসিবি।
বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আইসিসি বোর্ডের উত্থাপিত নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগগুলো সমাধানে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে বিসিবির মতামতকে স্বাগত জানানো হবে এবং তা যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও আশ্বস্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বিসিবি আরও জানায়, ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে অবশ্যই ভারতেই যেতে হবে—এমন দাবি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। বোর্ডের ভাষ্য অনুযায়ী, আইসিসি থেকে প্রাপ্ত বার্তার বিষয়বস্তু বা ধরন কোনোভাবেই এমন বাধ্যবাধকতার ইঙ্গিত দেয় না।
এর আগে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোসহ কয়েকটি আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যমে দাবি করা হয়, বিশ্বকাপে অংশগ্রহণের ক্ষেত্রে বিসিবিকে কার্যত ‘আলটিমেটাম’ দেওয়া হয়েছে। তবে বিসিবি স্পষ্টভাবে জানায়, এসব প্রতিবেদন বিভ্রান্তিকর এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিসিবির বিবৃতিতে বলা হয়, জাতীয় দলের খেলোয়াড়, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা ও সুরক্ষা বোর্ডের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ যেন নিরাপদ, সফল ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়, সে লক্ষ্যে আইসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলক আলোচনা অব্যাহত থাকবে।
বোর্ডের মতে, চলমান সংলাপের মাধ্যমেই একটি বাস্তবসম্মত ও সন্তোষজনক সমাধানে পৌঁছানো সম্ভব। বিসিবি আশা করছে, পারস্পরিক বোঝাপড়া ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চয়তার ভিত্তিতে এই বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে ইতিবাচক সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 

















