
পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছ কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। নতুন জারি করা এক অধ্যাদেশ অনুযায়ী, অনুমতি ছাড়া কোনো গাছ কাটা হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা গুনতে হবে। একই সঙ্গে গাছে পেরেক মারা, তার বাঁধা বা যেকোনোভাবে গাছের ক্ষতি করলে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।
অধ্যাদেশে বলা হয়েছে, শহর ও গ্রামাঞ্চলে নির্বিচারে গাছ কাটা এবং বিভিন্ন প্রয়োজনে গাছে পেরেক, বিজ্ঞাপন বোর্ড বা বৈদ্যুতিক তার সংযুক্ত করার ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। এতে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
নতুন বিধিমালায় স্থানীয় প্রশাসনকে গাছ সংরক্ষণে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার সুযোগও রাখা হয়েছে। পাশাপাশি, সরকারি অনুমোদন ছাড়া কোনো উন্নয়ন প্রকল্পের জন্য গাছ কাটাও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
পরিবেশবিদরা মনে করছেন, এই অধ্যাদেশ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে নগরায়নের চাপে ক্ষতিগ্রস্ত সবুজ পরিবেশ রক্ষা করা সম্ভব হবে। তবে তারা আইন প্রয়োগে স্বচ্ছতা ও নিয়মিত নজরদারির ওপর জোর দিয়েছেন।
সরকার আশা করছে, কঠোর জরিমানার বিধান মানুষের মধ্যে সচেতনতা বাড়াবে এবং গাছ সংরক্ষণে ইতিবাচক পরিবর্তন আনবে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 


















