
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’। ২১টি পদের মধ্যে ভিপি, জিএস ও এজিএসসহ মোট ১৬টি পদে জয় পেয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। অপরদিকে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল পেয়েছে পাঁচটি পদ।
বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে দেখা যায়, সহসভাপতি (ভিপি) পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৫৫৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। ফলে ৮৭০ ভোটের ব্যবধানে জয়ী হন রিয়াজুল ইসলাম।
সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির–সমর্থিত প্রার্থী আবদুল আলীম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন প্রায় ২ হাজার ভোট। বড় ব্যবধানে এই পদেও জয়ী হন শিবির প্রার্থী।
সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মাসুদ রানা পেয়েছেন ৫ হাজারের বেশি ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত আতিকুর রহমান তানজিল পেয়েছেন প্রায় ৪ হাজার ভোট। এই পদে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয় নিশ্চিত হয় শিবির প্রার্থীর।
নির্বাচন কমিশন সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ভোট গণনা শুরু হলেও আধা ঘণ্টার মধ্যে বিপত্তি দেখা দিলে গণনা বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর গভীর রাতে আবার গণনা শুরু হয়, যা গড়ায় বুধবার পর্যন্ত।
এই নির্বাচনে মোট চারটি প্যানেল অংশ নেয়। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল শিবির ও ছাত্রদল–সমর্থিত প্যানেলের মধ্যে। ভিপি পদে ১২ জন, জিএস পদে ৯ জন এবং এজিএস পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের আবাসিক হল না থাকায় হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় শুধু নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে। সেখানে ১৩ জন প্রতিনিধি নির্বাচনে মোট ১ হাজার ২৪২ জন ভোটার ভোট দেন।
প্রায় সাড়ে ১৬ হাজার ভোটারের মধ্যে কেন্দ্রীয় সংসদ নির্বাচনে ৬৬ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৯ বছর পর প্রথমবারের মতো পূর্ণাঙ্গ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। এর আগে ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুতেও শিবির–সমর্থিত প্যানেলের জয় হয়েছিল। জকসু নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে সেই ধারাবাহিকতাই অব্যাহত থাকল।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 


















